আমি এই বাংলার

 আমি এই বাংলার

সত্যেন্দ্রনাথ পাইন :

ওহে বাংলার মেয়ে,
নিশীথের নদী তীরে নিঃশ্বাস বহিছে ধেয়ে,
যখনই জেগেছে সে তোমার বাহু পাশে
তোমার উদ্দেশে
নিবেদন করি ফুলের ডালি
শিশিরে প্রক্ষালি
কোন্ মহা আঁধার ধারায় তুমি সুন্দর।

তুমি যেন বাংলা মা
তোমার অজ্ঞাতে
নিদ্রাহীন রাতে
শুয়ে থাকে আগে মোর বিচিত্র নয়ন।
নিজেকে আড়াল করি
বর্ণে গন্ধে ভরি।
প্রেমের নতুন পরিচয়
তোমারে করেছে বাণীময়।

হে মৌনী তুমি কি অসাধারণ অসম্ভবে
কহিলে কথা বলো মোরে সেই কথা
তোমার নিভৃতে গানে
অলক্ষের টানে নীরবে
রয়েছে শয়নে আমি নাহি জানি।
তবুও তুমি ধন্য, ওগো বসুন্ধরা
নিমেষে করেছো চিরন্তন মম।
আমি যদি কভু এই বাংলায় লভি জনম পুনঃ
নিঃশ্বাসের শেষ প্রান্তে তব
বটের তরুমূলে
কুসংস্কার ছেদি
লভিব জনম মোর তব দ্বারে দ্বিধা হীন চিতে
হয়নি যাহা রুদ্ধ দ্বারে
দ্বিধান্বিত গৌরবে।
সবার চেয়ে আমি হব বড়
এই বিশ্বাসে
রহিব চির অমলিন।