তুলনামূলকভাবে সমুদ্রে প্লাস্টিক দূষণ কমছে– কি কারণ?

 তুলনামূলকভাবে সমুদ্রে প্লাস্টিক দূষণ কমছে– কি কারণ?

প্রতিবেদক – সুব্রত কুন্ডু

সমুদ্রে মাইক্রোপ্লাস্টিক – মাইক্রোপ্লাস্টিক দূষণের কারণ- মাছ ধরার সামগ্রী এবং বর্জ্য
ন্যাশনাল সেন্টার ফর কোস্টাল রিসার্চ (এনসিসিআর)-এর মাধ্যমে ২০২২ এবং ২০২৫-এর মধ্যে মাইক্রোপ্লাস্টিক এবং সামুদ্রিক বর্জ্যের পরিমাণ নির্ধারণ করতে ভারতের উপকূল বরাবর ক্ষেত্র সমীক্ষা করেছে কেন্দ্রীয় সরকার। পশ্চিম উপকূলে গুজরাটের পোর বন্দর থেকে তামিলনাড়ুর কন্যাকুমারী এবং পূর্ব উপকূলে ওড়িশার পুরী থেকে তামিলনাড়ুর তুতিকোরিন পর্যন্ত এলাকায় এই সমীক্ষা করা হয়েছে। সমীক্ষায় দেখা গেছে মাইক্রো প্লাস্টিক দূষণের প্রধান কারণ নদীপথে আসা বর্জ্য এবং মাছ ধরার ফেলে দেওয়া, হারিয়ে যাওয়া এবং বাতিল করা প্লাস্টিক সামগ্রী।
এর সঙ্গে উপকূলবর্তী অঞ্চলে ‘স্বচ্ছ সাগর, সুরক্ষিত সাগর’ কর্মসূচিতে সেপ্টেম্বরের তৃতীয় শনিবারে, প্রতি বছর আন্তর্জাতিক উপকূল স্বচ্ছতা অভিযান দিবসে সামুদ্রিক বর্জ্যের সমীক্ষা করা হয়। সেখানে দেখা গেছে, সমুদ্র তীরে আবর্জনার বেশিটাই পর্যটন সংক্রান্ত কাজকর্মের ফলে হয়েছে। তবে আশার কথা, সমীক্ষা দুটির তথ্যে দেখা গেছে, এই বর্জ্যের পরিমাণ কমছে। ২০১৮-য় প্লাস্টিক বর্জ্যের পরিমাণ যেখানে ৬৭ শতাংশ ছিল, ২০২৪-এ তা কমে হয়েছে ৪৩ শতাংশ। ২০১৮ থেকে ছাত্রছাত্রী, সাধারণ মানুষ ও মৎস্যজীবীদের মধ্যে সামুদ্রিক বর্জ্য এবং মাইক্রো প্লাস্টিকের কূপ্রভাব নিয়ে সচেতনতা বাড়াতে, একের বেশি উপকূল পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে এনসিসিআর।